এ মুহূর্তে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। বৈঠকে তিনি সভাপতিত্ব করেন। জ্বালানি তেলের মূল্য বাড়ানোর বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো পরামর্শ রয়েছে কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, আইএমএফ-এর পরামর্শে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয় না। জ্বালানি তেলের দাম নির্ভর করে আন্তর্জাতিক বাজার মূল্যের উপর।
ক্রয় কমিটির বৈঠকে ৮টি দেশ থেকে সরকারি পর্যায়ে মোট ১৬ লাখ ২০ হাজার মেট্রিক টন বিভিন্ন ধরনের পরিশোধিত জ্বালানি তেল আমদানির ৮টি ক্রয় প্রস্তাব অনুমোদন ও প্রিমিয়াম নির্ধারণ করা হয়। চলতি বছরের জুলাই-ডিসেম্বর মেয়াদে এসব তেল আমদানি করা হবে এবং এতে মোট ব্যয় হবে ১১ হাজার ৯৮ কোটি ৬২ লাখ টাকা।
এ ছাড়া ক্রয় কমিটির বৈঠকে ৭৮ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে ঢাকা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী নিবাস নির্মাণ প্রকল্পের আওতায় দয়াগঞ্জ ক্লিনার্স কলোনীতে ৫টি ১০তলা ভবন নির্মাণ কাজের ক্রয় প্রস্তাব, ৫৫ কোটি টাকা ব্যয়ে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নাগরপুর-মির্জাপুর ভায়া মোকনা সড়কে ধলেশ্বরী নদীর উপর ৫২০ দশমিক ৬০ মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজের ক্রয় প্রস্তাব এবং সৌদি আরব থেকে ২০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানো হচ্ছে কি না— সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এ মূহুর্তে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো চিন্তা সরকারের নেই।
পদ্মা সেতু সম্পর্কিত এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমাদের নিজস্ব অর্থায়নেই পদ্মা সেতু হবে। পদ্মা সেতু নির্মাণে চলতি অর্থবছরে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আর আমাদের এবারের উন্নয়ন বাজেটের পরিমাণ হচ্ছে ৮৫ হাজার কোটি টাকা। এখান থেকে ৫ হাজার কোটি টাকা ব্যয় করা কোন বিষয়ই নয়।
ইঅ/চৌফে/শ২৭৫
