শেয়ারবাজারে ওষুধ খাত ঘিরে বড় লেনদেন

আপডেট : ৩০ আগস্ট ২০১৪, ১৮:০৬
 
 
 
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বোচ্চ লেনদেন হয়েছে ওষুধ ও রসায়ন খাত ঘিরে। ডিএসইর মোট লেনদেনের ১৬ শতাংশ এ খাতের অবদান।  আগের সপ্তাহেও খাতওয়ারি  লেনদেনে ওষুধ খাত ছিল সেরা। পর্যালোচনা করে দেখা যায়, গেল সপ্তায় ওষুধ খাতে প্রতিদিন ১১৫ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, ওষুধ খাতের বেশির ভাগ কোম্পানির মূলধন বড় অঙ্কের। আর এ খাতের  কোম্পানিগুলো সর্বশেষ প্রান্তিকে ভালো মুনাফা করেছে। ফলে ওষুধ খাতের শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ বেশি। ডিএসইতে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে যৌথভাবে জ্বালানি ও বস্ত্র খাতে। এ দুটি খাতে লেনদেন হয়েছে ডিএসই’র মোট লেনদেনের ১৪ শতাংশ।
এ দিকে গেল সপ্তায় ডিএসইতে সবচেয়ে বেশি দর বেড়েছে অগ্নি সিস্টেমসের। এক সপ্তায় এ কোম্পানির শেয়ার দর  বেড়েছে ৩৮ দশমিক ৬১ শতাংশ। সপ্তাহজুড়ে এ কোম্পানির ৪১ কোটি ৪২ লাখ ৭০ হাজার টাকার  শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড়ে লেনদেন হয়েছে ৮ কোটি ২৯ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার। আর গেল সপ্তায় ডিএসইতে লেনদেনের সেরা কোম্পানির তালিকায় স্থান করে নিয়েছে বিবিধ খাতের  বেক্সিমকো লিমিটেড। বেক্সিমকো ফার্মাও এই তালিকায় রয়েছে। সপ্তাহজুড়ে ৯ দশমিক ৯৫ শতাংশ লেনদেন বেড়ে বেক্সিমকো লিমিটেড লেনদেনের শীর্ষে রয়েছে। কোম্পানিটির লেনদেন হয়েছে ২৪৮ কোটি ৩২ লাখ ৭২ হাজার টাকা মূল্যের শেয়ার।
বাজার বিশ্লেষকরা বলেন, পিই রেশিও ১৫ এর মধ্যে থাকলে সেখানে বিনিয়োগ করা অপেক্ষাজনকভাবে নিরাপদ। সপ্তাহের ব্যবধানে ডিএসই’র সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) সামান্য কমে দাঁড়িয়েছে ১৬ দশমিক ৮২ পয়েন্ট। খাতভিত্তিক পিইর হিসাবে ব্যাংকিং খাতের পিই অবস্থান করছে ৮ দশমিক ৬৬ পয়েন্টে, আর্থিক খাতের ২০ দশমিক ১৯, প্রকৌশল খাতের ২১ দশমিক ৫৮, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ২৯ দশমিক ২৫, বিদ্যুত্ ও জ্বালানি খাতের ১৩ দশমিক ৭, পাট খাতের ১৫৩ দশমিক ৩, বস্ত্র খাতের ১২ দশমিক ৪৬, ওষুধ ও রসায়ন খাতের ২০ দশমিক ৩৫, সেবা ও আবাসন খাতের ২৪ দশমিক ২৯, সিমেন্ট খাতের ১৮ দশমিক ৭৫, তথ্যপ্রযুক্তি খাতের ২৯ দশমিক ৭৫, চামড়া খাতের ৩৬ দশমিক ৫১, সিরামিক খাতের ২৫ দশমিক ৭৫, বিমা খাতের ১৯ দশমিক ১৬, বিবিধ খাতের ২৮ দশমিক ৪, পেপার ও প্রকাশনা খাতের ২৯ দশমিক ৫৪, টেলিকমিউনিকেশন্স খাতের ২১ দশমিক ১৫ এবং ভ্রমণ ও অবকাশ খাতের পিই অবস্থান করছে ২১ দশমিক ২২ পয়েন্টে। সপ্তাহশেষে ক্যাটাগরিভিত্তিক পিইর হিসাবে ‘এ’ ক্যাটাগরির কোম্পানিগুলোর পিই অবস্থান করছে ১৫ দশমিক ৯৯ পয়েন্টে, ‘বি’ ক্যাটাগরির ৪০ দশমিক ৩২, ‘জেড’ ক্যাটাগরির ৬৯ দশমিক ২৩ এবং ‘এন’ ক্যাটাগরির পিই অবস্থান করছে ১৮ দশমিক ৬ পয়েন্টে।
 
ইঅ/চৌফে/শ৩৭২