আমেরিকাস্থ বাংলাদেশ কমিউনিটি যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের বস্ত্র খাতের জন্য অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা বা জিএসপি পুনর্বহালের দাবি জানিয়েছে। উত্তর ক্যারোলিনার রেলিফে বাংলাদেশ কমিউনিটির এক অনুষ্ঠানে আজ এ দাবি জানানো হয়। এ সময় কংগ্রেসম্যান ডেভিড প্রাইস, ডেমোক্রেটিক পার্টির উত্তর ক্যারোলিনার চেয়ারম্যান রেন্ডি ভোলার ও ডেমোক্রেটিক পার্টির ওয়েক কাউন্টির চেয়ারম্যান ড্যান ব্লু উপস্থিত ছিলেন। উত্তর ক্যারোলিনাস্থ বাংলাদেশ কমিউনিটি অনুষ্ঠানটি আয়োজন করে। এ সময় বক্তব্য রাখেন ডেমোক্রেটিক পার্টির স্টেট এক্সিকিউটিভ কমিটির সদস্য রাশিদুল ইসলাম, কমিউনিটির সদস্য অনিন্দ নাথ, সাইফ ইসলাম, কাজী সাইদ ও মোবারক চৌধুরী।
বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ বলেন, স্বল্প উন্নত দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশের পোশাকে আমেরিকার বাজারে উচ্চ হারে আমদানি শুল্ক গুনতে হয়। অনেক সাব-সাহারীয় আফ্রিকার দেশ বিভিন্ন ধরনের বাণিজ্য সুবিধা পায় অথচ বাংলাদেশ এ ধরনের সুবিধা থেকেও বঞ্চিত। এ সবের প্রেক্ষিতে বাংলাদেশের পোশাক খাতের জিএসপি সুবিধা পুনর্বহালের দাবি জানান তারা।
ইঅ/চৌফে/শ১৩৬
