ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে ভারত

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৪, ১৮:০০
জিম্বাবুয়ের কাছে অস্ট্রেলিয়ার পরাজয়ের কারণে ভারতীয় দল পুনরায় ওয়ানডে র‌্যাংকিংয়ের স্থান দখল করেছে। ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডেতে জয়ী হয়ে ভারত শীর্ষে ওঠার দ্বারপ্রান্তে ছিল। অস্ট্রেলিয়ার পরাজয়ের কারণে ভারতের শীর্ষ স্থান নিশ্চিত হয়ে যায়।
চলমান ত্রিদেশীয় সিরিজে হারারেতে রবিবার জিম্বাবুয়ের কাছে তিন উইকেটে পরাজিত হয় অস্ট্রেলিয়া। ফলে তিন ধাপ অবনমন হয়ে অসিদের অবস্থান এখন ৪-এ। দীর্ঘ ৩১ বছর পর চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে প্রথমবার হারালো জিম্বাবুয়ে। ১৯৮৩ বিশ্বকাপে সর্ব শেষ জিম্বাবুয়ের কাছে পরাজিত হয়েছিল অস্ট্রেলিয়া।
চলমান ত্রিদেশীয় সিরিজে অস্ট্রেলিয়া এবং জিম্বাবুয়েকে পরাজিত করে ১১৩ রেটিং পয়েন্ট অর্জন করে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার চেয়ে ভগ্নাংশ ব্যবধানে এগিয়ে থেকে ১১১ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে শ্রীলংকা।
আইসিসি’র দেয়া বিজ্ঞপ্তিতে সোমবার একথা জানানো হয়. চলতি সপ্তাহে আরো পাঁচটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যার ফল র‌্যাংকিংয়ের শীর্ষ দলগুলোর অবস্থানের পরিবর্তন হতে পারে। খবর বাসসের।