আগস্টে শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ ৮৪ শতাংশ কম

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৪, ১৭:৫৬
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) জুলাই মাসে নিট বিদেশি বিনিয়োগ ছিল ৭৯ কোটি টাকা। আগস্টে তা ৬৭ কোটি টাকা কমে হয়েছে ১২ কোটি টাকা। অর্থাত্, এ মাসে বিনিয়োগ কমেছে ৮৪ শতাংশ। আজ মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগস্ট মাসে মোট ১৬৪ কোটি ৯৩ লাখ ৮ হাজার ৬৮৯ টাকার শেয়ার ও ইউনিট ক্রয় করেন বিদেশি বিনিয়োগকারীরা। বিক্রি করেন ১৫২ কোটি ৪৭ লাখ ৪৬ হাজার ৫৮৫ টাকা। ফলে নিট বিনিয়োগ দাঁড়ায় ১২ কোটি ৪৫ লাখ ৬২ হাজার ১০৪ টাকা। আর জুলাই মাসে মোট ১৬৬ কোটি ৪৫ লাখ ২২ হাজার ৭০ টাকার শেয়ার ও ইউনিট ক্রয় করেন বিদেশি বিনিয়োগকারীরা। আর বিক্রি করেন ৮৬ কোটি ৮০ লাখ ৯৩ হাজার ৮৭১ টাকা। অর্থাত্, সে মাসে নিট বিনিয়োগ দাঁড়ায় ৭৯ কোটি ৬৪ লাখ ২৮ হাজার ১৯৯ টাকা। সে হিসেবে জুলাই মাসের তুলনায় আগস্টে নিট বিদেশি বিনিয়োগ কমেছে ৬৭ কোটি ১৮ লাখ ৬৬ ৯৫ টাকা।
তথ্যে দেখা গেছে, আজ ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৪৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬০২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৫১ কোটি ৬৬ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৫০ কোটি ১৯ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ৩০৪টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ২০৭টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ারের। অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ১৬৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৪১ কোটি ৬ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১ কোটি ৩৯ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২২৪টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৪৭টির কমেছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের।
ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ারবাজারে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান  টোবাকো বাংলাদেশ কোম্পানির (ব্যাটবিসি) শেয়ার দর বাড়ার কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চাওয়ার প্রেক্ষিতে কোম্পানি কর্তৃপক্ষ এমন তথ্য ডিএসইকে জানিয়েছে। বিশ্লেষণে দেখা যায়, গত ২৬ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত শেয়ারটির দর একটানা বেড়েছে।এই সময়ে শেয়ারটির দর ২ হাজার ৪০০ টাকা থেকে বেড়ে ২ হাজার ৭৫০ টাকা পর্যন্ত ওঠে। অর্থ্যাত্, শেয়ারটির দর বেড়েছে ৩৫০ টাকা বা ১৫ শতাংশ।
 
ইঅ/চৌফে/শ৩৪৪