শেয়ারবাজারে আর্থিক খাতের কোম্পানিতে ইতিবাচক প্রবণতা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৪, ১৯:০১
 
 
আর্থিক খাতের ব্যাংক, ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ও বিমা কোম্পানিগুলোর বেশির ভাগ কোম্পানির শেয়ারদর আজ বৃহস্পতিবার বেড়েছে। ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের সব প্রতিষ্ঠানের দর বেড়েছে। বিমা কোম্পানিগুলোর মধ্যে ৬টি বাদে অবশিষ্ট ২৮টিরই দর বেড়েছে। ব্যাংকিং খাতের কোম্পানিগুলোর মধ্যেও বেশির ভাগ কোম্পানির দর বেড়েছে।
এ দিকে টানা চার কার্যদিবস ধরে শেয়ারবাজারের সূচক বেড়েছে। তথ্যে দেখা গেছে, আজ ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬০২ কোটি ২৮ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৫১ কোটি ৬৩ লাখ টাকা বেশি। অর্থাত্ ডিএসইতে লেনদেন বেড়েছে প্রায় ৯ শতাংশ। লেনদেনকৃত ২৯৫টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৮৫টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ারের। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ১১৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৪১ কোটি ৮৫ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৭৯ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২১৯টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৪০টির কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের।
ডিএসই সূত্রে জানা গেছে, খাদ্য ও আনুষাঙ্গিক খাতের ফু-ওয়াং ফুডসের শেয়ার দর বাড়ার কোন কারণ নেই।  শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসইর নোটিসের প্রেক্ষিতে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানিয়েছে। বিশ্লেষণে দেখা যায়, গত ৮ কার্যদিবস ধরে শেয়ারটির দর বেড়েছে। এর মাঝে ২ দিন দর সংশোধন হয়েছে। এ সময়ে শেয়ারটির দর বেড়েছে ১৮ টাকা থেকে ২৩ টাকা পর্যন্ত।
 
ইঅ/চৌফে/শ২৩৫