শিল্পমন্ত্রী আমির হোসেন আমু জানিয়েছেন, হাজারীবাগে বিদ্যমান ট্যানারীসমূহ সাভারের চামড়া শিল্প নগরীতে স্থানান্তরের লক্ষ্যে গত বছরের ১৩ অক্টোবর বিসিক ও ট্যানার্সদের দুটি এসোসিশেনের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়েছে। এই স্বারক অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ট্যানারী শিল্প মালিকরা তাদের শিল্প-কারখানা সাভারে চামড়া শিল্পনগরীতে স্থানান্তর করবেন মর্মে সিদ্ধান্ত হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ঢাকা-৭ আসনের স্বতন্ত্র সদস্য হাজী মোহাম্মদ সেলিমের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
শিল্পমন্ত্রী জানান, স্থানান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে বরাদ্দপ্রাপ্ত ১৫৫টি শিল্প ইউনিটের মধ্যে ১৪৯টি প্রতিষ্ঠান বিসিকের কাছে লে-আউট প্লান দাখিল করেছে। বিসিক ইতোমধ্যে ১৪৭টি লে-আউট প্লান অনুমোদন করেছে, দুটি প্লান অনুমোদনের পর্যায়ে রয়েছে। ৬৮ জন উদ্যোক্তা ইতোমধ্যে নির্মাণ কাজ শুরু করেছে।
একই প্রশ্নের জবাবে আমির হোসেন আমু আরও জানান, সাভারে ১৯৯ দশমিক ৪০ একর জমির ওপর স্থাপিত পরিবেশবান্ধব চামড়া শিল্পনগরীতে ইতোমধ্যে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার প্লান্ট (সিইটিপি) এবং ডাম্পিং ইয়ার্ড ছাড়া প্রায় সকল অবকাঠামোগত নির্মাণ কাজ শেষ হয়েছে। সিইটিপি ও ডাম্পিং ইয়ার্ড নির্মাণের কাজ চলমান রয়েছে। ২০১৫ সালের জুনের মধ্যে সিইটিপি নির্মাণ কাজ সম্পন্ন হবে। বুয়েটের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চাইনিজ ঠিকাদার সিইটিপি নির্মাণ কাজ করছে।
ইঅ/চৌফে/শ১৭৮
