জলবায়ু পরিবর্তন মোকাবেলা

১১৭ কোটি টাকা অনুদান দেবে ইফাদ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৪, ২০:০৯
 
হাওড় অঞ্চলের প্রান্তিক দরিদ্র জনগণের জলবায়ু পরিবর্তন মোকাবেলায়  সক্ষমতা বাড়াতে ১১৭ কোটি টাকা (১৫ মিলিয়ন মার্কিন ডলার) অনুদান দেবে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ)। হাওড় অঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়ন (হিলিপ) প্রকল্পের সম্পূরক দেয়া হবে। বৃহস্পতিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এ বিষয়ে সরকার ও ইফাদের মধ্যে চুক্তি হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব বেগম মাহমুদা বেগম এবং ইফাদের প্রেসিডেন্ট চুক্তিতে সই করেন।
জানা গেছে, ইফাদের ঋণ ও অনুদান  সমেত হিলিপ প্রকল্পের মোট ব্যয় দাঁড়াবে ১৩৩ মিলিয়ন মার্কিন ডলার। প্রকল্পটি জানুয়ারি ২০১২ সাল থেকে শুরু হয়ে ২০১৯ মেয়াদে বাস্তবায়িত হবে। এ প্রকল্পটি হাওড় এলাকার পাঁচ জেলা নেত্রকোনা, হবিগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া, কিশোরগঞ্জ ও সুনামগঞ্জ জেলার ২৬টি উপজেলার প্রায় ৯৪ হাজার ব্যক্তির জীবিকা সংরক্ষণ উপকরণের মাধ্যমে সরাসরি উপকৃত হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা। এ প্রকল্প বাস্তবায়িত হলে ৫৬ লাখ জনগণের চাকুরির সুযোগ হবে এবং প্রতিবছর দুই হাজার ২১৫ জন শ্রমিকের সার্বক্ষনিক সাত বছর কাজের সংস্থান হবে।