কেরানীগঞ্জে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৪, ১৩:৩০
ঢাকার কেরানীগঞ্জের বামনশুর এলাকায় গনপিটুনিতে এক ছিনতাইকারী নিহত হয়েছেন । নিহত ছিনতাইকারীর নাম মো. রিপন হোসেন ওরফে আতকা রিপন(২৬)। কুমিল্লা জেলার বাসিন্দা রিপন জিনজিরার শহীদ নগর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
 
কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক এনায়েত করিম মামুন জানান, আজ শনিবার ভোরে আতকা রিপন ও তার ৪/৫ সহযোগী শাক্তা ইউনিয়নের বামনশুর মাঠের অদূরে এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। এসময় ওই ব্যবসায়ীর আর্তচিৎকারে আশেপাশের লোকজন ছিনতাইকারীদের ধাওয়া দিয়ে আতকা রিপনকে আটক করে গনপিটুনি দেয়। বাকী ছিনতাইকারীরা পালিয়ে যায়। মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় রিপনকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডি্ক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আতকা রিপন পুলিশের তালিকাভুক্ত একজন সন্ত্রাসী। তিনি দীর্ঘদিন ধরে জিনজিরা, আগানগর, কালিন্দী, শুভাঢ্যা এলাকায় ছিনতাই, ডাকাতিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।