বগুড়ায় ডাকাত-পুলিশ গুলি বিনিময়, গ্রেফতার ১৭

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৪, ১৬:২০
 
বগুড়ার শাজাহানপুরে দুইটি ডাকাতির  প্রস্তুতিকালে ১৭জন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় পুলিশের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে ওসিসহ তিন পুলিশ কর্মকতা আহত হয়েছেন। শুক্রবার মধ্যরাতে নাদুরপুকুর ও বেতগাড়ী লিচুতলা এলাকায় এই ঘটনা ঘটে। 
আহতরা হলেন- শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান, উপপরিদর্শক (এসআই) খোকন কুন্ডু  এবং উপপরিদর্শক (এসআই) তৌরিদুল ইসলাম। 
নাদুরপুকুর এলাকা থেকে গ্রেফতারকৃতরা হলেন-আব্দুর রশিদ (২২), আব্দুল ওয়ারেছ (৩১), আব্দুল মমিন (২২), তারাজুল ইসলাম (২০), ফরিদ (৩০), স্বপন (২২), আকরাম হোসেন (৪০), আব্দুল হান্নান (৩৫), শহিদুল ইসলাম (২৩), পলাশ (২২), বেলাল হোসেন (১৯), পিনু সরকার (২০), রুমন (১৯)। বেতগাড়ী এলাকা থেকে গ্রেফতারকৃতরা হলেন- মামুন (১৯), ওয়াহেদ আলী (৩৫), তারাজুল ইসলাম (৩৫) ও বাবু মিয়া (৩২)। 
গ্রেফতারকৃত ডাকাত সদস্যদের  কাছে থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। 
পুলিশ সূত্র জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাদুরপুকুর এলাকায় অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা ট্রাকের ওপর থেকেই পুলিশকে ল্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এসময় ১২ ডাকাতকে আটক করা হয়। 
অন্যদিকে রাত সাড়ে ১২ টারদিকে  উপজেলার বেতগাড়ী নামক স্থানে অভিযানে গেলে পুলিশকে ল্য করে গুলি ছোড়ে ডাকাতরা। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে ডাকাতদল পালানোর চেষ্টা করলে চার ডাকাতকে আটক করে পুলিশ। 
ঘটনাস্থল থেকে দুইটি ট্রাক, দুইটি কার্টার, একটি চাপাতি, একটি রামদা, দুইটি হাসুয়া ও দুইটি লোহার রড উদ্ধার করে পুলিশ। 
শাজাহানপুর থানার ওসি আব্দুল মান্নান জানান, গ্রেফতারকৃতরা একই চক্রের সদস্য। ডাকাতি কাজে ব্যবহৃত আটককৃত ট্রাক দু’টিও একই মালিকের। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।