১০২ কোটি টাকা শিক্ষাবৃত্তি পেল ৫ হাজার শিক্ষার্থী

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৪, ২১:৩৩
 
 
 
২০১৪ সালে মাধ্যমিক পাস করা মেধাবী পাঁচ হাজার ৫০ জন শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে ডাচ-বাংলা ব্যাংক। আজ শনিবার রাজধানীর মিরপুরে ইনডোর স্টেডিয়ামে ১০২ কোটি টাকার বাত্সরিক শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে তাদের এ বৃত্তি দেয়া হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক ও বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত গারবেন ডি জং। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ, ডাচ-বাংলা ব্যাংক শিক্ষা বৃত্তি ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, ১৯৯৮ সালে শুরু করে নবম বারের মত এ বৃত্তি দিল ডাচ-বাংলা ব্যাংক। এবারসহ এ পর্যন্ত প্রায় ২৭ হাজার শিক্ষার্থীকে এ বৃত্তি দিল ব্যাংকটি। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, বৃত্তি প্রকল্প দেশের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে আর্থিক খাতের অনন্য দৃষ্টান্ত। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি বাংলাদেশের মানচিত্রে উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে। অন্যান্য প্রতিষ্ঠানকেও এ ধরণের কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। গার্বেন ডি জং বলেন, সুবিধা বঞ্চিত ছাত্র-ছাত্রীদের ভবিষ্যত গঠনে ডাচ বাংলা ব্যাংকের বৃত্তি দেশের মানব সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদ বলেন, জন্মলগ্ন থেকে ডাচ বাংলা ব্যাংক শিক্ষা স্বাস্থ্য ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর পুনর্বাসনে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে সব ধরনের সমাজকল্যাণমূলক কাজে অংশগ্রহণের চেষ্টা করা হচ্ছে।
 
ইঅ/চৌফে/শ২০৬