রাজধানী থেকে জনসংখ্যার চাপ কমাতে শুরু করা হয় ঘরে ফেরা কর্মসূচি। এ কর্মসূচির মাধ্যমে বস্তিবাসীদের ঋণের ব্যবস্থা করে ঘরে ফেরানোর ব্যবস্থা করা হয়। তবে এ কর্মসূচিতে কোন গতি নেই। তাই এ কর্মসূচিতে গতি ফেরাতে গৃহায়ণ তহবিল ও বাংলাদেশ কৃষি ব্যাংকের মধ্যে ঋণ চুক্তি করতে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে আগামীকাল রবিবার সকাল সাড়ে ১০টায় এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন গভর্নর ড. আতিউর রহমান।
প্রসঙ্গত, ১৯৯৮-৯৯ অর্থবছরে কৃষি ব্যাংক ছিন্নমূল মানুষদের নিজ এলাকায় ফিরিয়ে নিতে প্রথমবারের মতো ঘরে ফেরা কর্মসূচি শুরু করে। কিন্তু ২০০২ সালে সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে কর্মসূচিটি স্থগিত করা হয়। পরে ২০১০ সালে তা পুনরায় চালু হয়। ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রথমবারের ওই কর্মসূচির আওতায় দুই হাজার ৩৭৩টি পরিবারকে ঢাকা মহানগর থেকে দেশের বিভিন্ন গ্রামে পুনর্বাসন করা হয়। তবে প্রাকৃতিক দুর্যোগসহ অন্যান্য কারণে ১৩২২টি পরিবার পুনরায় গ্রাম থেকে শহরে ফিরে আসে। বাকি ১০৫৫টি পরিবার বর্তমানে গ্রামে বাস করছে বলে জানা গেছে। এদিকে এ কর্মসূচির জন্য ২০১০ সালে ১০ কোটি টাকা অর্থ বরাদ্দ প্রস্তার করা হয়। পরে এ পরিমাণ আর বাড়েনি। আর সেসময় থেকে ছাড়করা টাকা থেকে সুবিধাভোগীদের মাঝে বিতরণ করা হয়েছে মাত্র দুই কোটি ৬৮ লাখ ৪০ হাজার টাকা। সুবিধাভোগী পরিবারও মাত্র ৭৩৪টি।
ইঅ/চৌফে/শ২০০
