ব্যাংকিং খাতের শেয়ারদরে ঊর্ধ্বমুখী প্রবণতা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৪, ১৮:৩৭
 
 
শেয়ারবাজারে আর্থিক খাতের শেয়ারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে আজ রবিবার । ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩০টি ব্যাংকের মধ্যে ২৭টির দাম বেড়েছে। এ ছাড়া ডিএসইতে লেনদেন হওয়া ২৩টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে দুটির দাম কমেছে। দর বেড়েছে ১৯টি প্রতিষ্ঠানের। এ দিকে বাজারে লেনদেনের ক্ষেত্রে এগিয়ে ছিল বস্ত্র খাত। তবে ডিএসইর মোট লেনদেন আগের কার্যদিবসের তুলনায় প্রায় ১৪ শতাংশ কমেছে।
তথ্যে দেখা গেছে, আজ ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১ পয়েন্ট কমে ৪ হাজার ৬৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১০ পয়েন্ট কমে ১ হাজার ৭৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫১৯ কোটি ২৩ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৮৩ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৯৬টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৪২টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ারের। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৪০ কোটি ৮১ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১ কোটি টাকা কম। লেনদেনকৃত ২২৬টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১০৪টির কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ারের।
ডিএসই সূত্রে জানা গেছে, বিনিয়োগকারীদের মতামতের ওপর ভিত্তি করে রাইট শেয়ারের প্রিমিয়াম কমিয়েছে জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেড। কোম্পানির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) প্রতিটি রাইট শেয়ারে ১০ টাকা প্রিমিয়াম নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর আগে প্রতিটি রাইট  শেয়ারে প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছিল ২৫ টাকা। কোম্পানির পরিচালন মূলধন বাড়ানো এবং ঋণ কমানোর জন্য রাইট শেয়ার ছেড়ে অর্থ সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে জেএমআই সিরিঞ্জ। সিদ্ধান্ত অনুযায়ী জেএমআই সিরিঞ্জ একটি সাধারণ শেয়ারের বিপরীতে দুটি রাইট শেয়ার ছাড়বে।
সিএসই সূত্রে জানা গেছে, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) প্রায় ৪২ গুণ আবেদন জমা পড়েছে। কোম্পানিটি অভিহিত মূল্যে শেয়ারবাজারে ২ কোটি শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা সংগ্রহ করবে। অন্য দিকে আইপিও অনুমোদন পাওয়া অপর কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের আইপিওতে আড়াই গুণেরও বেশি আবেদন জমা পড়েছে। কোম্পানিটি পুঁজিবাজারে ৪  কোটি ৫০ লাখ শেয়ার ছেড়ে ১৫৭ কোটি ৫০ লাখ টাকা সংগ্রহ করবে।
 
ইঅ/চৌফে/শ৩১৪