ডিএসইতে চালু হচ্ছে নতুন অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৪, ২০:৪২
 
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আগামী ডিসেম্বরে নতুন অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম ‘ডিএসই-ফ্লেক্সটিপি’ চালু করতে যাচ্ছে। সর্বাধুনিক প্রযুক্তির এই ট্রেডিং প্ল্যাটফর্ম চালু করার জন্য নাসডাক ওএমএক্স ও ফ্লেক্সট্রেড সিস্টেমস পিটিই লিমিটেডের সঙ্গে চুক্তি করে ডিএসই। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠান দুটি নতুন অটোমেটেড ট্রেডিং প্ল্যাটফর্ম সরবরাহের কাজ শুরু করেছে। এরই ধারাবাহিকতায় ডিএসই স্টেকহোল্ডার প্রতিনিধি, ব্রোকারেজ হাউজের সকল অনুমোদিত প্রতিনিধি, আইটি বিভাগের প্রধান এবং ক্রেডিট এডমিনিসট্রেটরদের নতুন অর্ডার ম্যানেজমেন্ট সফটওয়ার সম্পর্কে ধারণা ও প্রশিক্ষণ দিতে তিন মাসব্যাপী পর্যায়ক্রমে এক ট্রেনিং প্রোগ্রাম শুরু করেছে।
ট্রেনিং প্রোগ্রাম উদ্বোধন করেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. স্বপন কুমার বালা, এফসিএমএ। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বিশ্বখ্যাত সফটওয়্যারটি চালু হলে ডিএসই ইটিএফ, সুকুকসহ অন্য নতুন ইন্সট্রমেন্টস চালু করতে পারবে। এতে  দেশের পুঁজিবাজারের গভীরতা বাড়বে। অটোমেটেড ট্রেডিং সিস্টেমসের ম্যাচিং ইঞ্জিন নাসডাক ওএমএক্স ও ব্রোকিং হাউসের জন্য অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম ফ্লেক্সট্রেড সিস্টেমস পিটিই লিমিটেড সরবরাহ করছে।
 

ইঅ/চৌফে/শ১৪১