বান্দরবান জেলার রুমা উপজেলা নির্বাচন কার্যালয়ের অফিস সহকারীকে ঢাকায় অপহৃত হয়েছেন বলে পুলিশকে অভিযোগ করা হয়েছে। অফিস সহকারীর নাম মো. বিল্লাল হাওলাদার। রবিবার রমনা থানায় এ ব্যাপারে সাধারণ ডায়েরি করেছেন তার স্ত্রী বেবী আক্তার। তিনি রোববার তা নির্বাচন কমিশন সচিবকেও লিখিতভাবে ব্যাপারটি জানিয়েছেন। বান্দরবান জেলা নির্বাচন কর্মকর্তাকেও ব্যাপারটি জানানো হয়েছে বলে জানিয়েছেন বেবী আক্তার।
রাজধানীর বেইলি রোডের পিডব্লিউডি স্টাফ কোয়ার্টারে থাকেন বেবী আক্তার। সেখান থেকে গত মঙ্গলবার তার স্বামীকে তুলে নেয়া হয় বলে বেবী জিডিতে উল্লেখ করেছেন। ইসি সচিবকে লেখা চিঠিতে তিনি বলেছেন, ভোর ৫টার দিকে কয়েকজন ব্যক্তি ঘরে ঢুকে পিস্তল দেখিয়ে বিল্লাল হাওলাদারকে নিয়ে যায়। এ ঘটনায় ‘উপযুক্ত’ তথ্য-প্রমাণ পেলে মামলা করবেন বলেও উল্লেখ করেছেন বেবী।
