জিডিপির প্রবৃদ্ধি ৭.৩ অর্জন সম্ভব: আইসিএবি

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৪, ১৮:৩৭
 
চলতি অর্থবছরের (২০১৪-১৫) বাজেটে জিডিপি প্রবৃদ্ধির যে ৭ দশমিক ৩ শতাংশ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা অর্জন সম্ভব বলে মনে করে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টটেন্টস অব বাংলাদেশ (আইসিএবি)। তবে ওই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অর্থনীতিবিদ এবং চার্টার্ড এ্যাকাউন্টেন্টসদের মাধ্যমে একটি পরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন। সোমবার রাজধানীর কারওয়ান বাজারে আইসিএবি’র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
সাফা (সাউথ এশিয়া ফেডারেশন অব অ্যাকাউন্টস) ইন্টারন্যাশনাল কনফারেন্স-২০১৪’ উপলক্ষ্যে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। কনফারেন্সটি আজ মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
দুই পর্বের কনফারেন্সের প্রথম পর্বে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং দ্বিতীয় অংশ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। কনফারেন্সের ১ম অংশ হলো উদ্ভোধনী সেশন এবং টেকনিক্যাল পেপার সেশন এবং ২য় অংশে সন্ধ্যায় ভ্যালিডেকটরি সেশন।
কনফারেন্সের কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান আব্বাস উদ্দিন বলেন, বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭ দশমিক ৩ শতাংশ। যা সঠিক কর্মপরিকল্পনা ও তার বাস্তবায়নের মাধ্যমে অর্জন করা সম্ভব। এ অবস্থার প্রেক্ষিতে আইসিএবি সাফা আন্তর্জাতিক সম্মেলন ২০১৪ আয়োজন করছে যার মূল বক্তব্য হলো ’প্রবৃদ্ধি অর্জনে হিসাববিদদের ভূমিকা ঃ প্রেক্ষিত দক্ষিণ এশিয়া।
তিনি আরও বলেন, জিডিপি’র লক্ষ্যমাত্রা অর্জন করতে চার্টার্ড অ্যাকাউন্টসরা গুরুত্ব্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কারণ দুর্নীতি কমাতে তাদের ভূমিকা রয়েছে। দেশে দুর্নীতি কমানো গেলে প্রবৃদ্ধি বাড়বেই।
সংবাদ সম্মেলনে কাউন্সিল মেম্বার এএফ নেছারউদ্দিন বলেন, বলা হয়ে থাকে দেশে যদি দুর্নীতির ১০ শতাংশ কমে তবে প্রবৃদ্ধি বাড়বে এক শতাংশ। তাই দুর্নীতি কমাতে পারলে জিডিপির লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে। আর দুর্নীতি কমাতে চার্টার্ড অ্যাকাউন্টসরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি কৃষি খাত, রেমিটেন্স ও ইন্ডাস্ট্রিয়াল বিনিয়োগের উপর নির্ভরশীল। যানজট অবকাঠামোগত উন্নয়ন, যানজট সমস্যার সমাধান এবং গ্যাস ও বিদ্যুত্ সরবরাহ নিশ্চিত করা গেলে ইন্ডাস্ট্রিয়াল বিনিয়োগ অনেক বেড়ে যাবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, কনফারেন্সের আলোচনার অংশ থেকে প্রতিবেদন তৈরি করা হবে। এ প্রতিবেদন অর্থমন্ত্রণালয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক নিয়ন্ত্রক সংস্থার কাছে পাঠানো হবে।
সংবাদ সম্মেলনে আইসিএবি সভাপতি শওকত হোসেন, সাবেক সভাপতি এ এস এম নাইম ও মো: সাইফুল ইসলাম, সহ-সভাপতি কামরুল আবেদীন প্রমুখ।
প্রসঙ্গত, আন্তর্জাতিক এবং আঞ্চল ভিত্তিক পারস্পারিক সহযোগীতা ও হিসাব পেশার মান উন্নয়নের লক্ষ্যে  ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ এবং শ্রীলংকার সিএ ইন্সটিউট গুলোকে  নিয়ে ১৯৮৪ সালে সাফা গঠন করা হয়েছিল । বর্তমানে ভুটান, আফগানিস্থান এবং মালদ্বীপ সাফা এর পর্যবেক্ষক। আইসিএবি সাফার সদস্য হিসাবে সাফা আন্তর্জাতিক সম্মেলন ২০১৪ এর আয়োজক।