ঝিনাইদহে নারীর কাছ থেকে ১৯ লাখ টাকা ছিনতাই

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৪, ২০:৫৭
 
 
 
ঝিনাইদহে রুবিনা বেগম নামে এক নারীর কাছ থেকে ১৯ লাখ টাকা ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার বিকেল ৩টার দিকে শহরের ধোপাঘাটা ব্রীজের উপর এ ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর থানার ওসি শাহাবুদ্দিন আজাদ জানান, ঐ নারীর তথ্য অনুযায়ী তাদের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার ব্যাসপুর গ্রামে। স্বামী মালয়েশিয়াতে থাকেন। সেখানে আইনগত সমস্যায় পড়েছেন। তাকে দেশে ফিরিয়ে আনার জন্য টাকার প্রয়োজন হয়। একটি ভাড়ায় চালিত মোটর সাইকেলে চড়ে শ্বশুর মমরেজ আলিসহ জমি বিক্রি করা নগদ ১৯ লাখ টাকা শহরের ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। ধোপাঘাটা ব্রীজে পৌঁছুলে তিনজন দুর্বৃত্ত তাদের বহনকারি মোটরসাইকেলের গতি রোধ করে। চালক তাদের পাশ কাটিয়ে যেতে গেলে এক দুর্বৃত্ত হাতে থাকা দা দিয়ে কোপ দেয়। এতে রুবিনা বেগম আহত হন। তারা মোটরসাইকেল থেকে পড়ে যান। এই সুযোগে দুর্বৃত্তরা টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ শহরে তল্লাশী অভিযানে নামে।

এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।