রিয়াল মাদ্রিদ ছাড়তে প্রস্তুত রোনাল্ডো

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৪, ২১:৩৬



তারকা উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর বার্নাব্যুর প্রতি ধীরে ধীরে আগ্রহ হারিয়ে ফেলছেন বলেই মনে করেন আর্জেন্টাইন মিডফিল্ডার ও রিয়ালে রোনাল্ডোর সাবেক সতীর্থ এ্যাঞ্জেল ডি মারিয়া। একইসাথে ডি মারিয়া আরো জানিয়েছেন, ইতোমধ্যেই রোনাল্ডো উপলব্ধি করেছেন বিশ্বের সর্বোচ্চ আয়কৃত খেলোয়াড়ের তালিকায় ক্রমেই তার অবনতি হচ্ছে। এই অবস্থায় রিয়াল মাদ্রিদে আর কতদিন রোনাল্ডোর থাকা সম্ভব তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন ডি মারিয়া।
এবারের ট্রান্সফার মাকের্টে ডি মারিয়া এবং ওল্ড ট্র্যাফোর্ডে তার নতুন সতীর্থ রাদামেল ফ্যালকাও উভয় বর্তমানে রোনাল্ডোর তুলনায় বেশী আয় করছেন। এখানে যদিও ওয়েইন রুনির নাম বলা হয়নি। কিন্তু সূত্রমতে ফেব্রুয়ারিতে নবায়নকৃত চুক্তি অনুযায়ী রুনিও এখন রোনাল্ডোর তুলনায় বেশি বেতন পাচ্ছেন।
পর্তুগিজ সুপারস্টারের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত ডি মারিয়া বলেছেন, আমি বুঝতে পারছি না মাদ্রিদে রোনাল্ডোর পক্ষে আর কতদিন থাকা সম্ভব। তবে এটুকু বলতে পারি সেখানে সে মোটেই ভাল নেই। সূত্রমতে জানা গেছে, এবারের মৌসুমে রিয়াল মাদ্রিদের ট্রান্সফার নীতি নিয়ে বেশ হতাশ ছিলেন রোনাল্ডো। এ সম্পর্কে ক্লাব সংশ্লিষ্ঠাদরে কাছে স্পষ্ট কথাও বলেছেন তিনি। লা লিগায় গত রোববার গ্রেনাডার বিপক্ষে ৩-০ গোলের জয়ে রোনাল্ডোর ছিল দুই গোল। কিন্তু এই গোলের পরে তিনি কোন উৎসব করেননি। সেই সময় তিনি বলেছিলেন, আমি খুবই হতাশার সাথে বলছি যে গোল দেবার পরে আমি সেটা উদযাপন করিনি। কারন আমি মোটেই খুশী নই। এটা সম্পূর্ণ ভাবে পেশাদারী মনোভাব, ক্লাবও জানে কেন আমি খুশী নই।
এদিকে রোনাল্ডোর এজেন্ট জর্জ মেনডেস জানিয়েছেন তার ক্লায়েন্টের এই সমস্যা সম্পর্কে তিনি নিজেও অবগত আছেন। তিনি বলেছেন, রোনাল্ডোর এই মন্তব্যে তিনি মোটেই অবাক বা হতাশ হননি। ইংলিশ ক্লাব চেলসির আগ্রহ সত্বেও জানা গেছে রোনাল্ডো যদি রিয়াল ছাড়তেন তবে তিনি পুনরায় তার সাবেক ক্লাব ইউনাইটেডে ফিরে যেতেন। কারণ রোনাল্ডোর জন্য ইউনাইটেডের দরজা সবসময়ই খোলা আছে। এ সম্পর্কে রোনাল্ডোর নিজেও বলেছেন, আমি ম্যানচেস্টারকে ভালবাসি। সবাই সেটা জানে। ম্যানচেস্টার আমার হৃদয়ে আছে। সেখানে আমার অনেক ভাল বন্ধু আছে।