মান্দায় সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৪, ১০:৪৯
নওগাঁর মান্দা উপজেলা কুসুম্বা নামক স্থানে মঙ্গলবার রাতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পিতা এহে তেসাম্মল হক তেসাম (৪৫) ও পুত্র শুভ (১০) নিহত হয়েছে। নিহত তেসাম জেলার মহাদেবপুর উপজেলা সদরের স্কুল পাড়ার তোজাম্মেল হকের ছেলে।
 
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, তেসাম তার পুত্র শুভকে নিয়ে সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে রাজশাহী চিকিৎসার জন্য যান। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে রাত আটটার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের ঘটনাস্থলে একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে শুভ মারা যায়। স্থানীয়রা তেসামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। অবস্থার অবনতি ঘটলে আশঙ্কাজনক অবস্থায় সাড়ে নয়টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।