ওবামার ভাষণ রাতে: আইএস মোকাবিলার রূপরেখা তুলে ধরার কথা

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৪, ১৮:৪৪
 
কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ জোরদার করার কর্তৃত্ব তার আছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের জনগণ ও রাজনৈতিক নেতাদের উদ্দেশে ভাষণের ঠিক আগের দিন তিনি এ কথা বললেন। আজ বুধবার রাতে তার ওই ভাষণে আইএসকে মোকাবিলা করার পরিকল্পনার রূপরেখা তুলে ধরার কথা রয়েছে। এ দিকে, আইএস সদস্যরা দুই মার্কিন সাংবাদিককে হত্যা করার পর জঙ্গিগোষ্ঠীটির ওপর হামলা চালানোর পক্ষে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সমর্থন বাড়ছে বলে জানা গেছে। খবর আল-জাজিরা, বিবিসি ও রয়টার্সের।
ওবামা গত মঙ্গলবার হোয়াইট হাউসে মার্কিন কংগ্রেসের নেতাদের নিয়ে বৈঠক করেন। এই বৈঠকে ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের কংগ্রেস নেতাদের সঙ্গে আইএস দমনের কৌশল নিয়ে আলোচনা করেন তিনি। আলোচনায় অংশ নেন মার্কিন সিনেট ও প্রতিনিধি পরিষদের শীর্ষ ডেমোক্র্যাট নেতা হ্যারি রিড ও ন্যান্সি পেলোসি। রিপাবলিকান দলের পক্ষে ছিলেন মিচ ম্যাককনেল ও জন বোহেনার। এই আলোচনাকে ‘ফলপ্রসূ’ বলে দাবি করেছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, কংগ্রেস নেতাদের উদ্দেশে প্রেসিডেন্ট বলেছেন, বুধবারের ভাষণের মধ্য দিয়ে আইএসকে দমনের যে পরিকল্পনার রূপরেখা তিনি দেবেন, তার কতৃ‌র্ত্ব তার আছে।
দীর্ঘ এক বছর পর কংগ্রেস নেতাদের সঙ্গে প্রেসিডেন্টের এই বৈঠকটি অনুষ্ঠিত হল। এর আগে ওবামা  সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালাতে কংগ্রেসের কাছে অনুমতি চেয়েছিলেন। কিন্তু কংগ্রেস তাকে ওই হামলা চালানোর অনুমোদন দেয়নি। ওবামার সহযোগীরা বলছেন, আইএসের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে তিনি নতুন করে কংগ্রেসের কাছে অনুমোদন চাইবেন না। আইএসকে দমনে পদাতিক বাহিনী পাঠানোর সম্ভাবনাও নাকচ করেছেন ওবামা। তবে সিরিয়া ও ইরাকে বিমান হামলা জোরদার করার আভাস দিয়েছেন তিনি।
 
এ দিকে, আইএস সদস্যরা দুই মার্কিন সাংবাদিকের শিরোশ্ছেদ করার পর জঙ্গিগোষ্ঠীটির বিরুদ্ধে হামলা চালানোর পক্ষে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সমর্থন বাড়ছে। দ্য ওয়াশিংটন পোস্ট এবং এবিসি নিউজ পরিচালিত জরিপে এমনটিই দেখা গেছে। ইরাকের উত্তরাঞ্চলে এক মাস আগে আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শুরু করা বিমান হামলায় এখন সমর্থন দিচ্ছে প্রায় ৭১ শতাংশ মার্কিন নাগরিক। মাত্র তিন সপ্তাহ আগেও এই সংখ্যা ছিল ৫৪ শতাংশ এবং জুনে ছিল ৪৫ শতাংশ।
 
আইএসের বিরুদ্ধে শুধু বিমান হামলাই নয়, আরো কঠোর কোনো ব্যবস্থা নেয়ারও পক্ষে রয়েছে ৬৫ শতাংশ মার্কিনি। সমপ্রতি কয়েক সপ্তাহে মার্কিন সাংবাদিক জেমস ফোলি এবং স্টিভেন সলোফের শিরশ্ছেদের ঘটনায় ওয়াশিংটনেরও ধারণা হয়েছে যে, আইএস যুক্তরাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। জরিপটিতে দেখা গেছে, ১০ জনে ছয়জনই জঙ্গি গোষ্ঠীটিকে মারাত্মক হুমকি বলে মনে করে। ইরাকের উত্তরাঞ্চলে আইএস এর সঙ্গে লড়াইরত কুর্দিদের জন্য যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তার পক্ষেও মার্কিনদের সমর্থন বাড়তে দেখা গেছে জরিপে। এ সমর্থন অগাস্টে ৪৫ শতাংশ থাকলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ শতাংশে।
 
ইঅ/চৌফে/শ৩৯৪