শ্রীলঙ্কার ঐতিহাসিক সিরিজ জয়

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৬

নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর দক্ষিণ আফ্রিকার মাটিতে গতকালের আগে মাত্র সাতবার কোনো ভিনদেশি দল টেস্ট সিরিজ জয়ের কীর্তি গড়তে পেরেছে। এর মধ্যে পাঁচটি গড়েছে অস্ট্রেলিয়া, দুটি ইংল্যান্ড। অষ্টম নজিরটির দেখা মিললো গতকাল। ইতিহাসের প্রথম এশিয়ান দল হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জিতে গেল শ্রীলঙ্কা।

পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে তারা জিতে যায় আট উইকেটের বড় ব্যবধানে। চতুর্থ ইনিংসে দলটির সামনে জয়ের জন্য লক্ষ্য ছিল মাত্র ১৯৭ রানের। মাত্র দুই উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা। এর আগে প্রথম টেস্টেও কুশল পেরেরার অনবদ্য ১৫৩ রানের ইনিংসের সুবাদে ডারবানে এক উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছিল শ্রীলঙ্কা। সেই কুশল পেরেরাই জিতেছেন সিরিজ সেরার পুরস্কার।

ফলে, এবার ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হল প্রোটিয়ারা। সিরিজ শুরুর আগে নিশ্চয়ই এই লজ্জার কথা ভাবতেও পারেনি ফাফ ডু প্লেসিসের দল। আগামী তিন মার্চ থেকে দু’দলের মধ্যে অনুষ্ঠিত হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। এর আগে ২৮ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচ খেলবে লঙ্কানরা।

যদিও জয়টা খুব সহজ ছিল না লঙ্কানদের জন। লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছিল লঙ্কানরা। ৩২ রানে প্রথম ও ৩৪ রানে দ্বিতীয় উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। সেখান থেকে দলকে টেনে তোলেন কুশল মেন্ডিস ও ওশাদা ফার্নান্দো। তৃতীয় উইকেট জুটিতে এই অবিচ্ছিন্ন জুটি যোগ করে ১৬৩ রান। আর তাতেই নিশ্চিত হয় লঙ্কানদের জয়।

চতুর্থ ইনিংস এটা লঙ্কানদের ইতিহাসের তৃতীয় সেরা জুটি। এই তালিকায় সবার ওপরে আছেন রয় ডায়স ও দিলীপ মেন্ডিস। এই দুজন মিলি ১৯৮৫ সালে ভারতের বিপক্ষে ক্যান্ডিতে চতুর্থ ইনিংসের চতুর্থ উইকেট জুটিতে যোগ করেছিলেন ২১৬ রান। ৩৪ বছর পর এসে কুশল ও ফার্নান্দো সেই রেকর্ড ভাঙতে না পারলেও তার চেয়ে বড় এক অর্জন নিয়ে মাঠ ছাড়তে পেরেছেন।

কুশল মেন্ডিস ১৩টি চারের সৌজন্যে করেন ৮৪ রান। আর ফার্নান্দোর ৭৫ রানের ইনিংসে ছিল ১০টি চার ও দুটি ছক্কা। মেন্ডিসের হাতেই উঠেছে ম্যাচ সেরার পুরস্কার।

এর আগে আরো পাঁচবার দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ খেলে গেছে শ্রীলঙ্কা। তবে কখনোই জয় নিয়ে শেষ করতে পারেনি। এর বাদে ভারত সাতবার, পাকিস্তান ছয়বার ও বাংলাদেশ তিনবার করে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ খেলেছে। তবে কখনোই কোনো সিরিজে জয় আসেনি। ভারত-পাকিস্তান অবশ্য একটি করে সিরিজ ড্র করেছিল, বাংলাদেশ সেটাও করতে পারেনি।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা: ২২২ ও ১২৮

শ্রীলঙ্কা: ১৫৪ ও ১৯৭/২ (মেন্ডিস ৮৪*, ফার্নান্দো ৭৫*)

ফলাফল: শ্রীলঙ্কা আট উইকেটে জয়ী

ম্যাচ সেরা: কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা)

সিরিজ সেরা: কুশল পেরেরা (শ্রীলঙ্কা)

সিরিজ: শ্রীলঙ্কা ২-০ ব্যবধানে জয়ী