মাদারীপুরের শিবচর উপজেলায় ইয়াবা উদ্ধারে গিয়ে এলাকাবাসীর জনরোষে পড়ে পিটুনির শিকার হয়েছেন চার পুলিশ সদস্য। শিবচর থানার ওসি আব্দুস সাত্তার ঘটনা সম্পর্কে ইত্তেফাককে বলেন, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের বাংলাবাজারে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের চার সদস্য ইয়াবা উদ্ধারে যান। বাংলাবাজারের বাদশার দোকানে তল্লাশি চালিয়ে পাঁচটি ইয়াবার ট্যাবলেট এবং ৩০০ গ্রাম গাঁজা খুঁজে পান তারা। এরপর বাদশাকে আটকের চেষ্টা আশেপাশের দোকানিরা ‘ডাকাত’ বলে চিৎকার দেয়। তখন স্থানীয় এলাকাবাসী জড়ো করে পুলিশ সদস্যদের গণধোলাই দেয়। এতে আহত হন পুলিশের চার সদস্য। গুরুতর আহত এসআই গোবিন্দকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত বাকি পুলিশ সদস্যরা হলেন এএসআই ফরহাদ, এএসআই আলমগীর ও কনস্টেবল মানি মোল্যা।
শেষ খবর পাওয়া পর্যন্ত, ঘটনাস্থল থেকে খলিল (৩৫) ও জাকির (২৮) নামের দুইজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
