মুন্সীগঞ্জে চালককে খুন করে অটো রিকশা ছিনতাই

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৪, ১২:৪২
মুন্সীগঞ্জ সদর উপজেলার মাকহাটিতে চালককে খুন করে অটো রিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহত মাসুদ ব্যাপারী (৩৫) উপজেলার ধলাগাঁও গ্রামের বাসিন্দা।
 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াদৌস হাসান জানান, রাত আটটার দিকে ধলাগাঁও বাজার থেকে ৪/৫ জনের একটি ছিনতাকারী চক্র যাত্রীবেশে অটো রিকশাটি মাকহাটিতে নিয়ে যায়। নির্জন এলাকায় জোর করে নামিয়ে দিয়ে দুর্বৃত্তরা এ সময় অটো রিকশাটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে চালক বাধা দেয়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে ছিনতাইকারীরা মাসুদের গলায় ৩টি আঘাত করে। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারী ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে আনার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় নিহতের পিতা মফিজল ব্যাপারী বাদী হয়ে হত্যা মামলা করছেন। অটো রিকশাটি উদ্ধার এবং হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।