বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে একই রাতে ছয় বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে । রবিবার দিবাগত রাত মধ্যরাতে উপজেলার দাশগ্রাম শালুকাপাড়া ও সোনারপাড়া গ্রামে একদল সশস্ত্র মুখোশধারি ডাকাত হানা দিয়ে ওইসব বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। তাদের বাধা দিতে গিয়ে মারপিটের শিকার হয়েছেন তিন গৃহকর্তা ।
ঘটনার শিকার গৃহকর্তারা জানান, রবিবার রাত দেড়টার দিকে মুখোশ ও হাফপ্যান্ট পড়া ২০-২৫ জনের একদল ডাকাত ঐ এলাকার ছয়টি বাড়িতে হানা দেয়। তারা সোনারপাড়ার ফজলুর রহমান ও তার ভাই মোফাজ্জল হোসেন ও আখের আলীর বাড়ি এবং পার্শ্ববর্তী শালুকাপাড়ার ধান ব্যবসায়ী জামাল উদ্দিন, শহীদ উদ্দিন, শাহীন আলীর বাড়ির দরজা ও জানালা ভেঙে ভেতরে ঢোকে। প্রতিটি বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল লুট করে । পরে তারা শালুকাপাড়ার শামীম হোসেনের মুদির দোকান লুট করে পালিয়ে যায়। এই ডাকাতির ঘটনায় ডাকাতদল মোট ছয়টি বাড়ি থেকে নগদ দুই লাখ ৩০ হাজার টাকা ও ছয় ভরি স্বর্ণালংকার লুট করেছে বলে গৃহকর্তারা দাবি করেন। ডাকাতির সময় বাধা দিতে গিয়ে শাহীন, আখের ও জামাল নামের তিন গৃহকর্তা ডাকাতদের মারপিটের শিকার হন। ডাকাতির সংবাদ পেয়ে সোমবার সকালে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এব্যাপারে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহজাহান আলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সেটি বন্ধ ছিল ।
বগুড়ার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল ) উজ্জল কুমার জানান, ডাকাতির ঘটনার কথা শুনেছি । তবে কয়টি বাড়িতে তা নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না । থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলেই আছেন । এ ব্যাপারে অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে ।
