পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সিলেটে কামাল আহমদ (৩২) নামে এক ছাত্রদলকর্মী খুন হয়েছেন। কামাল সিলেট শহরের খুলিয়াপাড়ার ‘নীলিমা-২৮’ নামের বাসার প্রয়াত সুরুজ আলীর ছেলে। সোমবার রাত সাড়ে নয়টার দিকে খুলিয়াপাড়ায় এ হামলার ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার ওসি শামসুজ্জামান জানান, রাত সাড়ে ৮টার দিকে লামাবাজার ভিআইপি রোডের পাশে খুলিয়াপাড়া গলির মুখে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক নারী কাউন্সিলর শাহানা বেগম শানুর স্বামী তাজুল ইসলাম ও ছেলে রায়হান আহমদ মিলে দা দিয়ে এলোপাতাড়ি কোপায় কামালকে। আশংকাজনক অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, গত ২৬ জানুয়ারি শাহানা বেগম শানুর ছেলে সোহান ইসলাম খুন হন। ওই মামলার আসামি ছিলেন কামাল। ওই খুনের ঘটনার জেরে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ শাহানা বেগম শানুর ছেলে রেজাউলকে (১২) আটক করেছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি শামসুজ্জামান।
