গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় কভার্ড ভ্যান চাপায় গাড়ি মেরামতের দুই কারিগর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক কারিগর।
এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী স্পিডব্রেকার নির্মাণের দাবিতে ঢাকা-খুলনা সড়ক দুই ঘন্টা অবরোধ করে রাখে। এ সময় সড়কের দুই পাশে অসংখ্য গাড়ি আটকা পড়ে। পুলিশ কভার্ড ভ্যানটি আটক করলেও ড্রাইভার পালিয়ে যায়।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর কলেজ মোড় সংলগ্ন পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, মুকসুদপুর উপজেলার লোহাচুড়া গ্রামের নূর আলম মোল্লা (৩২), ও একই উপজেলার কমলাপুর গ্রামের সবুজ মোল্লা (২২)। গুরুতর অবস্থায় রহিম শেখকে (৩০)ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সকাল ১১টার দিকে মুকসুদপুর কলেজ মোড়ে স্পিডব্রেকার তৈরি না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় বিক্ষুব্ধরা। দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক মো. খলিলুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্পিডব্রেকার নির্মাণ করার প্রতিশ্রুতি দিলে বিক্ষুব্ধরা অবরোধ প্রত্যাহার করে নেয়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া জানান, ঘটনাস্থলে সকাল সাড়ে ১০টার দিকে গাড়ি মেরামত কারিগর নূর আলম, সবুজ মোল্লা ও রহিম শেখ একটি ট্রাকের মেরামত কাজ শেষে পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি কভার্ড ভ্যান ওই তিন শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। অপর শ্রমিক মারাত্মক আহত হন। লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে।
