শনিবার এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করায় ছাত্রলীগ নামধারী রনি মোল্যাকে (২১) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের সচিব বজলুর রহমান জানান, সকাল সাড়ে ৯টার দিকে কেন্দ্রের প্রধান গেট খুলে দিলে চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী মৌমিতা রহমান তারিন (১৬) অন্য পরীক্ষার্থীদের সঙ্গে কেন্দ্রে প্রবেশ করে। কেন্দ্রের মাঠের মধ্যে মঠবাড়ি গ্রামের ফজলু মোল্যার ছেলে রনি মোল্যা তাকে উত্ত্যক্ত করতে থাকে। পরে কেন্দ্রের বাইরে পরীক্ষার্থীর বাবা এসএম মাহাবুবুর রহমান মুকুল রনিকে তার মেয়েকে উত্ত্যক্তের কারণ জানতে চাইলে সে তাকে মারপিট করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ বেগম পরীক্ষা কেন্দ্রে গিয়ে রনির কাছে ঘটনা জানতে চায়। সে খুলনা শহরের সরকারি সুন্দরবন কলেজের প্রাণি বিদ্যা (সম্মান) বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এবং চুকনগর ডিগ্রি কলেজের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলে পরিচয় দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ওই দণ্ড দেন।
ডুমুরিয়া থানার ওসি জানান, রনিকে খুলনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
