রাজশাহীতে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের বিক্ষিপ্ত সংঘর্ষ, আটক ১৮

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৪, ১৭:০২
 
 
 
রাজশাহীতে পুলিশের সঙ্গে জামায়াত-শিবির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায় ঘোষণার পর বুধবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত নগরীর তিনটি প্রবেশপথ যথাক্রমে শালবাগান, কাশিয়াডাঙ্গা ও কাটাখালি পৃথক সংঘর্ষের ঘটনা ঘটে।
এছাড়া নগরীর ডিঙ্গাডোবা ও কাশিয়াডাঙ্গা এলাকায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবির-নেতাকর্মীদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়া চলাকালে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে পুলিশের ৩ সদস্যসহ ১০ জন আহত হলে তাদের প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পরে ঘটনাস্থল থেকে পুলিশ জামায়াত-শিবিরের নেতাকর্মী সন্দেহে ১৮ জনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১১টায় নগরীর শালবাগানে জামায়াত-শিবির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। এসময় পুলিশ মিছিলের গতিরোধ করলে জামায়াত-শিবির নেতাকর্মীরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল ছুঁড়ে। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পুলিশ ওই এলাকা থেকে জামায়াত-শিবির কর্মী সন্দেহে ১০ জনকে আটক করে। একই সময় নগরীর বাটারমোড়ে জামায়াত-শিবির নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আব্দুস সোবাহান পুলিশের উপর হামলাকারী সন্দেহে ১০ জনকে আটকের কথা স্বীকার করেছেন।
এদিকে দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের কাশিয়াডাঙ্গা ও ডিঙ্গাডোবা এলাকায় জামায়াত-শিবির নেতাকর্মীদের সড়ক অবরোধের খবর পেয়ে রাজপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় জামায়াত-শিবির নেতাকর্মীরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে সেগুলো লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কেউ হতাহত হয়নি। পরে ওই এলাকা থেকে বিক্ষোভকারী সন্দেহে ৭ জনকে আটক করেছে পুলিশ। অন্যদিকে বেলা ১টার দিকে ঢাকা মহাসড়কের কাটাখালি পৌর এলাকায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে জামায়াত-শিবির নেতাকর্মী সন্দেহে ১ জনকে আটক করেছে। নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ধাওয়া পাল্টা ধাওয়ার সময় জামায়াত-শিবির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। পুলিশের উপর হামলায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করা হয়েছে।
এ ব্যাপারে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেছেন, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া রাজশাহী মহানগরীর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নগরীর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি টহল দিচ্ছে।