রাজধানীতে অটোরিকশা-বাস সংঘর্ষে নিহত ২

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৪, ১৮:০৫

রাজধানীতে রূপসী বাংলা হোটেলের সামনে বাস ও অটোরিকশার সংঘর্ষে অটোরিকশা আরোহী দুই নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুইজন। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জাহানারা বেগম (৪০) ও চাঁন বড়ু (৪৫)। তারা একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
রমনা থানার ওসি মো. মশিউর রহমান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে রূপসী বাংলা হোটেলের সামনের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, হতাহতরা বরিশালের বাসিন্দা। তারা সদরঘাট থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে তেজগাঁওয়ে এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন।
রূপসী বাংলা হোটেলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গুলিস্তানগামী এটিসিএল পরিবহনের একটি বাস অটোরিকশাকে ধাক্কা দেয়।
আহত অটোরিকশা আরোহীদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।