বিএম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৪, ১৮:০৩

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে বৃহস্পতিবার দুপুরে দফায় দফায় হামলা, ভাংচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আবাসিক ছাত্রদের সাথে গত কয়েকদিন ধরে কলেজ ছাত্র সংসদের তথাকথিত কর্ম পরিষদ ভিপি মঈন তুষারের সমর্থকদের দ্বন্দ্ব চলে আসছিল। বুধবার একজন আবাসিক ছাত্রকে মঈন তুষারের সমর্থিত বহিরাগত ছাত্রলীগ কর্মীরা মারধর করে পুকুরে ফেলে দেয়। এর জের ধরে আজ সকাল থেকেই ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। দুপুরে মঈন তুষারের সমর্থক বহিরাগত ৩০/৪০ জন ছাত্রলীগ কর্মী ক্যাম্পাসে প্রবেশ করে। তাদের সাথে আবাসিক ছাত্রদের ক্যাম্পাসে অপ্রীতিকর ঘটনার পর কেন্টিনসহ হোস্টেলে ভাংচুর চালায় বহিরাগতরা। খবর পেয়ে নগর ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিনের সমর্থকরা ক্যাম্পাসে ঢুকে আবাসিক ছাত্রদের পক্ষ নেয়। এসময় বিএম কলেজের ভিপি মঈন তুষার ও জিএস নাহিদ সেরনিয়াবাতের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের ধাওয়া করেল দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে।
এতে উভয় গ্রুপের কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হন। সংঘর্ষ চলার সময় বিক্ষুব্ধরা ক্যান্টিনের আসবাবপত্র ও কলেজ গেটে ব্যাপক ভাংচুর করে । এ সময় ক্যাম্পাসের বাইরে বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে ছাত্রলীগ নেতা-কর্মীরা। খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ারসেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কোতয়ালী মডেল থানার ওসি জানান, সংঘর্ষের পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।