ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্কে ইরান ও ছয় জাতির দেশগুলোর মধ্যকার আলোচনা ফের শুরু হতে যাচ্ছে। আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত এ আলোচনা চলবে। তবে এর মধ্য দিয়ে কোনো যুগান্তকারী পরিবর্তন সূচিত হবে বলে মনে করছেন না সরকারি কর্মকর্তরা। খবর বিবিসির।
এ লক্ষ্যে বৃহস্পতিবার বৈঠকে মিলিত হচ্ছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি-বিষয়ক প্রধান। এ ছাড়া এ সব দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়েও আলোচনা চলবে। এদিকে দেশটি রাসায়নিক অস্ত্র তৈরি করছে বলে সন্দেহ প্রকাশ করে আসছে বিশ্বের শক্তিধর দেশগুলো। তবে এ অভিযোগ সব সময় প্রত্যাখান করেছে ইরান। পারমাণবিক বিদ্যুত্ প্রকল্প ও চিকিত্সা সেবার উন্নয়নের কাজে ব্যবহারের জন্যই ইউরেনিয়াম সমৃদ্ধ করছে বলে সব সময়ই বলে আসাছে দেশটি। কিন্তু তার পরও দেশটির ওপর বিভিন্ন সময়ে অবরোধ আরোপ করছে পশ্চিমা দেশগুলো। গত মাসে যুক্তরাষ্ট্র দেশটির ২৫টি ব্যবসায়ী প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর অবরোধ আরোপ করায় এর কঠোর সমালোচনা করেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।
