শহীদ আলতাফ মাহমুদ স্মৃতি পদক পেলেন বরিশালের ২ গুণী

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২৫

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘শহীদ আলতাফ মাহমুদ স্মৃতি পদক’ পেলেন বরিশালের দুই গুণী ব্যক্তি। এরা হচ্ছেন- ইতিহাসবিদ সিরাজউদ্দিন আহম্মেদ ও সংস্কৃতিজন অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল। বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের ৫ দিনব্যাপী অনুষ্ঠানমালার শেষ দিনে এই সম্মাননা প্রদান করা হয়। বৃহস্পতিবার রাতে অনুষ্ঠানে আলোচনা সভা, আবৃত্তি, সংগীত, নৃত্য ও নাটক পরিবেশন করা হয়। আলোচক হিসেবে বক্তব্য রাখেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও প্রবীণ সাংবাদিক ও আইনজীবী এস এম ইকবাল। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন পরিষদের সাধারণ সম্পাদক মিন্টু কর।