চট্টগ্রাম-কক্সবাজার-মংলা-পায়রা বন্দরে ৩ নম্বর সতর্কতা

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৪, ১৩:১০

লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।  
শনিবার সকালে আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন অন্ধ্র-উড়িষ্যা উপকূলে অবস্থিত লঘুচাপটি সামান্য উত্তর-উত্তরপূর্ব দিকে সরে ও ঘণীভূত হয়ে বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা উপকূলে অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করায় উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।