কুমিল্লায় দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে রাফছান জানী (১২) নামে কুমিল্লা সেনানিবাস এলাকার ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে ওই শিক্ষা প্রতিষ্ঠানের আরো কমপক্ষে ৩৫ স্কুল শিক্ষার্থী। রাফছান জানী কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকার বধুয়া কমিউনিটি সেন্টারের পরিচালক কাইয়ুম মিয়ার পুত্র। আজ শনিবার সকাল আটটার দিকে ঢাকা-কুমিল্লা মহাসড়কের জেলার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে কুমিল্লা মহানগর থেকে একটি বাসে করে শিক্ষার্থীদের ওই শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হচ্ছিল। বাসটি নগরীর অদূরে দুর্গাপুর এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় স্কুল শিক্ষার্থী বহনকারী বাসটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে কমপক্ষে ৩৬ জন শিক্ষার্থী আহত হয়। আহতদের উদ্ধার করে কুমিল্লা সেনানিবাস হাসপাতাল (সিএমএইচ), কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করানো হয়।
নিহত স্কুলছাত্রের মামাতো ভাই রিপন জানান, রাফছান সিএমএইচ হাসপাতাল নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
