গাজীপুরে পোশাক শ্রমিকের মৃত্যু, অসুস্থ অর্ধশত

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৪, ১৭:৫৪
 
 
গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস সড়কের পাশে মাসট্রেড ইন্টারন্যাশনাল গার্মেন্টস লিমিটেড কারখানার এক পোশাক শ্রমিকের মৃত্যু ও আরো অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের গাজীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠনো হয়েছে।  এ ঘটনায় চারটি কারখানা শনিবারের জন্য ছুটি দিয়েছে কর্তৃপক্ষ।
কারখানায় সাপ্লাইয়ের সরবরাহকৃত  পানি পান করে অসুস্থ হওয়ার  কথা শ্রমিকরা দাবি করেছে। কারখানা কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, শনিবার সকাল ৮টার দিকে প্রধান ফটকেই হঠাত্ অসুস্থ হয়ে কারখানার সুয়িং অপারেটর সাহিদা বেগম (৩০) মারা গেছেন। পরে তাকে দেখে আতঙ্কে অনেকেই অসুস্থ হয়ে পড়েন।
মাসট্রেড ইন্টারন্যাশনাল গার্মেন্টস লিমিটেড কারখানার সুয়িং অপারেটর মো. শহিদুল ইসলাম জানান, কারখানার ভেতরে  ঢুকে সাপ্লাইয়ের সরবরাহকৃত পানি পান করার পর কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের ওই নারী শ্রমিক মারা গেছেন। একই ধরনের কথা জানালেন, কারখানার আয়রনম্যান শাহাদত্ হোসেন।
কারখানার ব্যবস্থাপক শেখ তাহমিনা পারভিন জানান, প্রধান ফটকে কার্ড পাঞ্চ করার সময় হঠাত্ অসুস্থ হয়ে পড়েন সুয়িং অপারেটর সাহিদা বেগম। পরে বোর্ডবাজারের তায়রুন্নেছা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা  করেন। পরে আতঙ্কে আরো কয়েক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে ও তায়রুন্নেছা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার জন্যে বীমার দুই লাখ টাকা প্রদানের ব্যবস্থা করা ছাড়াও লাশ গ্রামের বাড়ি ময়মনসিংহের ত্রিশালে পৌঁছানোসহ দাফনের ব্যয়ভার বহন করা হবে। 
তায়রুন্নেছা মেডিক্যাল কলেজ হাসপাতালে  জামিলা  ও তাসলিমা নামের দুই শ্রমিক ভর্তি এবং সোহেল রানা, শরীফাসহ আরো ১৪ জন প্রাথমিক চিকিত্সা নিয়েছেন।
অপরদিকে গাজীপুর সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিত্সক আব্দুস সালাম সরকার জানান, ওই কারখানার ২৪জন অসুস্থ শ্রমিক এ হাসপাতালে ভর্তি রয়েছেন। তারা সকলেই ‘মাস সাইকোজেনিক ইলনেস’-এ আক্রান্ত। প্রাথমিকভাবে পরীক্ষায় আমরা ফুড পয়জোনিংয়ের কোন ঘটনা পাইনি।
চান্দনা চৌরাস্তায় ডক্টরস ফাউন্ডেশন হাসাপাতালেও চিকিত্সাধীন আরো কয়েকজন শ্রমিক।
এদিকে ঘটনার পর শিল্পাঞ্চল পুলিশ জোন-২- (গাজীপুর) এর পুলিশ সুপার আবুল খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন এবং জয়দেবপুর থানা পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা কারখানা পরিদর্শণ করেন। 
জয়দেবপুর থানার এসআই মোঃ শহিদুল ইসলাম জানান, ঘটনার পর শ্রমিক উত্তেজনা দেখা দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে একই ভবনে অবস্থিত মাসট্রেড ইন্টারন্যাশনাল গার্মেন্টস লিমিটেড, লাজিম গার্মেন্টস, নিডল টাচ গামেন্টস ও রেড ফিউরি নামের চারটি পোশাক কারখানা কর্তৃপক্ষ শনিবারের জন্য কারখানা ছুটি ঘোষণা করেন।
জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান জানান, দুপুরে ওই নারী শ্রমিককের লাশ ময়না তদন্তের জন্য তায়রুন্নেছা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।