শাবির সাবেক শিবির সভাপতিসহ ৫ জন গ্রেফতার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৪, ২২:২০


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিবিরের সাবেক সভাপতি ও সিলেট মহানগর শিবিরের সাবেক সেক্রেটারি দেলওয়ার হোসেন শামীমসহ ৫ জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানা পুলিশ।
জালালাবাদ থানার ওসি আখতার হোসেন জানান, শুক্রবার রাতে নগরীর টুকেরবাজার, কালিবাড়ি, আখালিয়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃত অন্যরা হলেন, দিলওয়ারের দুই সহোদর এ্যাডভোকেট জয়নুল হোসেন রুবেল ও সাখাওয়াত হোসেন রাজিব, ৯ নং ওয়ার্ড জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা সাব্বির আহমদ এবং জামায়াতের সক্রিয় সদস্য মো. মোস্তাক আহমদ। ওসি আরো জানান, গ্রেফতারকৃতদের নামে থানায় ৫ থেকে ৬টি করে মামলা রয়েছে। তাদের কোর্টে চালান দেয়া হয়েছে।