যাত্রাবাড়ীতে দুই সন্তানের সামনে স্ত্রীকে হত্যা

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৪, ১২:০০
 
রাজধানীর যাত্রবাড়ীতে চার বছর ও ১৪ দিন বয়সের দুই সন্তানের সামনে স্ত্রীকে  হত্যা করে স্বামী পালিয়েছে। রবিবার সকালে এই ঘটনা ঘটে। পুলিশ সুরভী আক্তার (২৫) নামে ঐ দুই সন্তানের জননীর লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশের ডেমরা জোনের সহকারী কমিশনার মহিউদ্দিন আহমেদ বলেছেন, ৩২৯/১/এ নম্বর বাড়িটির মালিক সুরভীর স্বামী রাসেল ও ভাইরা। চার তলা ভবনের প্রত্যেক ফ্লোরে রাসেলসহ  তার ভাইরা বসবাস করে।  আজ সকাল নয়টায় রাসেলের এক ভাই সুরভীদের ফ্ল্যাটের দরজায় তালা দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তালা ভেঙে দেখে সুরভীর লাশ মেঝেতে পড়ে আছে। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। ঐ কক্ষেই সুরভীর চার বছরের ছেলে সন্তান অরিন ছিল। সে মায়ের লাশের পাশে কান্নাকাটি করছিল। অন্যদিকে, বিছানায় ১৪ দিনের শিশু সন্তান ঘুমিয়ে ছিল।
ঘটনার খবর পেয়ে, সুরভীর ভাই শামসুজ্জমান ঘটনাস্থালে গিয়ে জানান, কি কারণে তার বোনকে হত্যা করা হয়েছে তা তারা জানেন না।
পুলিশের ঐ কর্মকর্তা জানিয়েছেন, রাসেল বেকার যুবক ও মাদকাসক্ত। কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত করা হচ্ছে।