৫ জনের অবস্থা আশংকাজনক

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:০১

পুরান ঢাকার চকবাজারের ভয়াবহ অগ্নিকান্ডে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিত্সাধীন ৯ জনকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক। তারা হচ্ছেন- আনোয়ার (৪৫), রেজাউল (২১) সোহাগ (১৮), মাহমুদুল (৫২) ও জাকির (৩৫)। দগ্ধ ৯ জন বার্ণ ইউনিটের অধ্যাপক ডা. নওজেশ খানের অধীনে ভর্তি। তিনি বলেন, দগ্ধ ৯ জনেরই খাদ্য নালীসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। খাদ্য নালীতে সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি। এটা খুবই ঝুকিপূর্ণ। ৪ জনের অবস্থা কিছুটা উন্নতির দিকে।  তাদের খাদ্যনালী কম পুড়েছে। তবে শরীরের অন্যান্য স্থান ঝলসে গেছে। এই ৪ জন হলেন- সেলিম (৪৪), হেলাল (১৮), মোজাফফর (৩২) ও সালাউদ্দিন (৪৫)।

দগ্ধদের চিকিত্সার ব্যয়ভার বহন করছে সরকার। চিকিত্সাধীন প্রত্যেককে ৫০ হাজার টাকা করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্ণ ইউনিটের প্রধান সমন্বয়কারী ডা. সামন্তলাল সেনকে নির্দেশ দিয়েছেন। গতকাল সকালে চিকিত্সাধীনদের দেখতে এসে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া অনুদানের টাকা ডা. সামন্তলাল সেন গতকালই পেয়েছেন।