সীমান্তে গরু বিক্রির টাকার ভাগ নিয়ে ব্যবসায়ী নিহত

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৪, ১১:০১

সাতক্ষীরায় গরু ক্রয়-বিক্রয়ের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত সুমন কবীর নামে এক ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছেন। সোমবার রাত ৯ টার দিকে মহাখালী আয়েশা মেমোরিয়াল হাসপাতালে তার মৃত্যু হয়। সুমন কবীর সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়নের শিকড়ী গ্রামের হাসান আলীর ছেলে।

স্থানীয়রা জানান, রোববার বিকেলে কুশখালী সীমান্তে সুমন কবীর এর সঙ্গে গরু ক্রয়-বিক্রয়ের টাকা ভাগাভাঘি নিয়ে কুশখালী গ্রামের জাকির, বাবলু, বাহারুলসহ কয়েকজনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এ সময় তারা কয়েকজন মিলে সুমনকে বেধড়ক মারপিট করে। এক পর্যায়ে তারা বাঁশ দিয়ে সুমনের মাথায় সজোরে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকার মহাখালী আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।
 
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় দুপরে জাকির ও তার ভাই বাহারুলসহ ৫ জনের নামে একটি হত্যা প্রচেষ্টা মামলা রেকর্ড করা হয়েছে। তবে, রাতে সুমন কবীর মৃত্যুবরণ করেছে বলে তিনি জানতে পেরেছেন। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।