পঞ্চগড় জেলার ভুট্টাচাষি ও ব্যবসায়ীরা গতকাল মঙ্গলবার দুপুরে শহরের শেরেবাংলা পার্কের পাশে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে ভুট্টা ফেলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। তারা এই মানববন্ধনের মাধ্যমে নিম্নমানের ভুট্টার শুল্কমুক্ত আমদানি বন্ধ এবং দেশীয় ভুট্টার ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানান। মানববন্ধন কর্মসূচীর পর চাষি ও ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। কর্মসূচিতে দুই শতাধিক কৃষক-ব্যবসায়ী অংশ নেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. সহিরউদ্দিন জানান, জেলায় ভুট্টার আবাদ ও উৎপাদন বেড়েছে। চলতি মৌসুমে জেলায় এক হাজার হেক্টর জমিতে সাত হাজার ১৭০ মেট্রিক টন ভুট্টার উৎপাদন হয়েছে। ৯৭৮ হেক্টর জমিতে ভুট্টার আবাদ এবং পাঁচ হাজার ৮৬৮ মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল।
পঞ্চগড় সদর উপজেলার হাঁড়িভাসা ইউনিয়নের ভুট্টাচাষি মো. মোশারফ হোসেন বলেন, পাঁচ একর জমিতে ভুট্টার আবাদ করে তাঁর দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। গত বছর প্রতি কেজি ভুট্টা বিক্রি হয়েছিল ২০ থেকে ২১ টাকায়। এবার বিক্রি হচ্ছে ১৪ থেকে ১৫ টাকায়।
