সাতক্ষীরায় রবিউল ইসলাম (৩০) নামে ব্রিটিশ অমেরিকান টোবাকোর এক বিক্রয় প্রতিনিধিকে গলা কেটে হত্যার চেষ্টা চালিয়ে তার কাছে থাকা প্রায় ৩ লাখ টাকা লুট করে নিয়েছে এক ব্যাবসায়ী। আংশকাজনক অবস্থায় রবিউলকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বিকাল ৪টার দিকে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় এ ঘটনা ঘটে। রবিউল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা ভাটপাড়া গ্রামের হাসান আলীর ছেলে।
পুলিশ জানায়, রবিউল ইসলাম বুধবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতালের বিপরীতে অবস্থিত মেহেদী হাসানের দোকানে পাওনা টাকা চাইতে যায়। এ সময় মেহেদী তাকে বিকেল ৪টার দিকে টাকা নেওয়ার জন্য আসতে বলে। সে অনুযায়ী রবিউল ইসলাম টাকা চাইতে গেলে মেহেদী তাকে বলে ভাই টাকা তো কাছে নেই, বাড়ি চলেন, আপনার ভাবির কাছে টাকা আছে। এই কথা বলে মেহেদী রবিউলকে সঙ্গে করে তার বাড়িতে নিয়ে যায়। বাড়ি যেয়ে মেহেদী রবিউলকে সঙ্গে নিয়ে দুপুরের খাবার খায়। খাওয়া দাওয়া শেষে এক পর্যায়ে মেহেদী কৌশলে ধারালো ছুরি দিয়ে রবিউল ইসলামকে গলা কেটে হত্যার চেষ্টা চালিয়ে তার কাছে থাকা প্রায় ৩ লাখ টাকা লুট করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা রবিউলের চিত্কার শুনে ছুটে এসে তাকে আশংকাজনক অবস্থায় তাত্ক্ষণিকভাবে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মেহেদীকে গ্রেফতারে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে।
