আসামে বিষাক্ত মদ পানে শতাধিক মৃত্যু

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৩৮

আসামে বিষাক্ত মদ পানে শতাধিক চা শ্রমিক নিহত হয়েছে। বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে সাড়ে ৩শ’ জন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। এদিকে ভারতের বেঙ্গালুরুতে এয়ার শোতে তিনশ’ গাড়ি পুড়ে গেছে। উত্তরপ্রদেশে ভয়াবহ বিস্ফোরণে মারা গেছে ১১ জন। খবর এনডিটিভি ও বিবিসি’র

বৃহস্পতিবার রাতে বিষাক্ত চোলাই মদ পান করে গোলাঘাট ও জোরহাট জেলার চা বাগানের কয়েকশ’ চা শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। এ পর্যন্ত ১০২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গোলাঘাটে ৫৯ জন এবং জোরহাট জেলায় ৪৩ জন মারা গেছে। পুলিশ জানিয়েছে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে চা বাগানের মধ্যেই একটি ঝুপড়ি থেকে মদ বিক্রি করছিলেন ৬৫ বছরের এক মহিলা এবং তার ৩০ বছরের ছেলে। সেই মদ খাওয়ার পরই অসুস্থ হতে শুরু করেন সবাই। শুক্রবার থেকে আসতে থাকে একের পর এক মৃত্যুর খবর। মা ও ছেলে দু’জনেই বিষক্রিয়ায় মারা যান বলে জানিয়েছেন স্থানীয়রা। চা শ্রমিকদের একাংশের অভিযোগ, অনেক সময় গৃহপালিত পশুদের খাবারও দেশীয় মদ তৈরিতে ব্যবহার করা হয় যা মানুষের শরীরে বিষের মতো কাজ করে। বিশেষজ্ঞরা বলেছেন, সস্তা মদ প্রস্তুতকারকরা প্রায়ই এতে মিথানল ব্যবহার করে যা মিথাইল এ্যালকোহল এবং এটা মোটরগাড়ির এ্যান্টি ফ্রিজসহ বিভিন্ন যন্ত্রে ব্যবহার হয়।

৩শ’ গাড়ি ধ্বংস

বেঙ্গালুরুর ইয়ালাহাংকা বিমান ঘাঁটির কাছে এয়ার ফোর্স স্টেশনের পার্কিং জোনে পাঁচ নম্বর গেইটে ভয়াবহ আগুন লাগে। দাঁড়িয়ে থাকা ৩শ’ গাড়ি সেই আগুনে ভষ্মীভূত হয়। তবে কেউ হতাহত হননি বলে পুলিশ জানিয়েছে। গত বুধবার থেকে পাঁচ দিনের এয়ার শো শুরু হয়েছে ইয়ালাহাংকা বিমান ঘাঁটিতে। চলবে আজ রবিবার পর্যন্ত। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস জানিয়েছে, সিগারেট থেকেই আগুন ছড়িয়ে যায়। পার্কিং এলাকায় ওই সিগারেট ছুঁড়ে ফেলা হয়েছিল।