পরমাণু অস্ত্রের বোঝা সন্তানদের ওপর চাপাতে চান না কিম

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৩৮

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, তিনি দেশের পরমাণু অস্ত্রের বোঝা সন্তানদের ওপর চাপিয়ে দিতে চান না। এর একটা সমাধান চান। গত বছর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিওর সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেন কিম। এদিকে কিম গতকাল ভিয়েতনামের উদ্দেশ্যে ট্রেনযোগে দেশ ত্যাগ করেছেন। খবর রয়টার্সের

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক কর্মকর্তা এবং উত্তর কোরিয়ার সঙ্গে কূটনীতিতে জড়িত অ্যান্ড্রিউ কিম জানিয়েছেন, গত বছরের এপ্রিলে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রথম বৈঠকের আগে উত্তর কোরিয়া গিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী পম্পিও। এই সময় কিম বলেন, আমি একজন বাবা এবং একজন স্বামী। আমার সন্তান আছে। এই সময় পরমাণু অস্ত্র ত্যাগ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে কিম বলেন, আমি পরমাণু অস্ত্রের বোঝা সন্তানদের ওপর চাপিয়ে দিয়ে যেতে চাই না। শুক্রবার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এশিয়া প্যাসিফিক রিসার্স সেন্টারে এক বক্তৃতায় অ্যান্ড্রিউ কিম এসব তথ্য জানান। রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, কিম জং উন ভিয়েতনামের উদ্দেশ্যে শনিবার বিকেলে দেশ ছেড়েছেন। ভিয়েতনামের হ্যানয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কিমের দ্বিতীয় শীর্ষ বৈঠক হওয়ার কথা।