গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রামে ছেলের দেয়া আগুনে দগ্ধ হয়ে এক পিতার মৃত্যু হয়েছে। নিহত আব্বাস আলী (৬৫) পিরুজআলী এলাকার মাইনউদ্দিনের ছেলে। তিনি রবিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
স্থানীয় ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম জানান, আব্বাস আলীর দুই ছেলে এক মেয়ের জনক ছিলেন। তিনি ছেলে দিদারুলকে (২২) বিদেশ যাওয়ার জন্য ইতিপূর্বে এক লাখ টাকা দেন। জমি বিক্রি করে আরো টাকা দিতে চাপ দিচ্ছিল দিদারুল। কিন্ত জমি বিক্রি করতে রাজি হচ্ছিলে না আব্বাস আলী। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে আব্বাস আলীর শরীরে আগুন লাগিয়ে দেয় দিদারুল। তার আর্তচিৎকারে উদ্ধারে এগিয়ে আসা লোকজনকে আব্বাস আলী জানান, দিদারুল পানির মতো কী যেন শরীরে ছিটিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়। উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির এসআই হায়দার আলী জানান, সকাল ছয়টার দিকে আব্বাস আলী মারা যান।
জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আব্বাস আলীর স্ত্রী দহুলা বেগমকে (৪৫) আটক করা হয়েছে। দিদারুল পালাতক রয়েছে।
