পুলিশ কনস্টেবলল সিদ্ধার্থ হত্যা মামলা

মিনু, বুলবুল ও নাদিমসহ বিএনপির ৮৯ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশীট

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৪, ১৯:৩১
 
 
রাজশাহীতে পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ সরকার হত্যা মামলায় স্থানীয় চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে চার্জশীট দাখিল করেছে পুলিশ। বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর কমিটির সভাপতি মিজানুর রহমান মিনুু, রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোসাদ্দেক হোসেন বুলবুল এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদক ও জেলার সভাপতি অ্যাডভোকেট নাদিম মোস্তফাসহ ৮৯ নেতাকর্মীর বিরুদ্ধে রবিবার বিকালে চার্জশীট দাখিল করা হয়। এদিকে বিএনপি-জামায়াতের ৮৯ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিলের সত্যতা স্বীকার করে কোর্ট জিআরও রায়হান আলী জানান, আসামীদের বিরুদ্ধে চার্জশীট জমা হয়েছে। শিগগিরই তা বিচারকের কাছে উপস্থাপিত হবে।
মামলার তদন্ত কর্মকর্তা ও রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসেন খন্দকার বলেন, রবিবার বিকালে রাজশাহীর সিএমএম আদালতে চার্জশীট দাখিল করা হয়েছে। চার্জশীটে মামলার এজাহার নামীয় ৮৯ আসামীর নাম উল্লেখ করা হয়েছে। তবে নামঠিকানা সঠিক না থাকায় চার্জশীট থেকে দুইজন আসামীর নাম বাদ দেয়া হয়েছে। সেই সঙ্গে ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার বাঁধন নামের আরেক আসামীর নাম চার্জশীটে সংযুক্ত করা হয়েছে। তিনি আরো বলেন, মামলার বেশ কয়েক আসামী বর্তমানে কারাগারে রয়েছেন। এছাড়া বাকি আসামীদের বিরুদ্ধে শিগগিরই আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মামলার এজাহারে বলা হয়, গত বছরের ২৬ ডিসেম্বর রাজশাহীর লোকনাথ স্কুলের মার্কেট এলাকায় দাঁড়িয়ে থাকা পুলিশের কাভার্ড ভ্যানের বিএনপি-জামায়াত জোটের মিছিল থেকে বোমা নিক্ষেপ করা হয়। বোমাটি  কাভার্ড ভ্যানের মধ্যে বিস্ফোরিত হলে পুলিশের ৯ সদস্য আহত হন। এদের মধ্যে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিত্সাধীন অবস্থায় আরএমপির স্টেপ-১ সদস্য সিদ্ধার্থ সরকার মারা যান। ওই দিন রাতেই বোয়ালিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) রফিকুল ইসলাম বিএনপি নেতা মিজানুর রহমান মিনু, মোসাদ্দেক হোসেন বুলবুল, অ্যাডভোকেট নাদিম মোস্তফা, শফিকুল হক মিলন, জামায়াতের মহানগর কমিটির সহকারী সেক্রেটারি অধ্যাপক মাইনুল ইসলাম, আসম মামুন শাহীন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সভাপতি সারোয়ার জাহানসহ  ৯০ জনের নাম উল্লেখ করে ১৮ দলের ৪শ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। গত ১৮ জানুয়ারি মামলাটি ডিবিতে স্থানান্তর করা হয়। এরপর গত ২৪ ফেব্রুয়ারি আসামী বিএনপি নেতৃৃবৃন্দ রাজশাহীর সিএমএম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে  র মিজানুর রহমান মিনু ও মোসাদ্দেক হোসেন বুলবুলসহ বিএনপি-জামায়াতের ৩৬ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর গত ৪ মার্চ  হাইকোর্টের জামিনে তারা মুক্তি পান।