ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানজট তীব্র আকার ধারণ করেছে। সোমবার গভীর রাত থেকে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় এবং মহাসড়কের বিভিন্ন অংশে পণ্যবাহী কয়েকটি ট্রাক বিকল এবং রাস্তা খারাপ হওয়ায় এ যানজট সৃষ্টি হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার যানজট ৮০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে।
গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা ও বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ৮০ কিঃ মিঃ মহাসড়ক জুড়ে এ যানজট। কোরবানির পশুর শতশত ট্রাক ও কাঁচামাল ভর্তি ট্রাক আসার ফলে হাজার হাজার যাত্রী ও পরিবহন শ্রমিকদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ যানজট নিরসনের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
পরিবহন শ্রমিকরা জানিয়েছেন, টাঙ্গাইল থেকে ঢাকা যেতে যেখানে দুই ঘণ্টা সময় লাগে সেখানে ১৫-১৮ ঘণ্টা সময় লেগে যাচ্ছে।
জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ভাঙা থাকায় ঐ রোডের যাত্রীরা টাঙ্গাইল-ময়মনসিংহ রাস্তা হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে ঢাকায় আসছে। আবার উত্তরাঞ্চলের ১৭টি জেলার ৫০-৬০টি রাস্তার যানবাহন এখান দিয়ে যাতায়াতের ফলে যানজটের সৃষ্টি হচ্ছে। এক দিকে রাস্তা সরু, অপর দিকে ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের সংখ্যা অপ্রতুল থাকায় আইনশৃঙ্খলা রাকারী বাহিনীকে যানবাহন পারাপারে হিমশিম খেতে হচ্ছে বলে কর্তব্যরত কয়েকজন পুলিশ অফিসার জানিয়েছেন।
গোড়াই হাইওয়ে থানার ওসি মোঃ যুবাইদুল আলম জানান, মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ থাকায় যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ ও হাইওয়ে পুলিশের প থেকে যানজট নিরসনের জন্য চেষ্টা চালানো হচ্ছে।
