শিক্ষা কর্মকর্তাকে হাতুড়িপেটা

আপডেট : ০১ অক্টোবর ২০১৪, ০২:৪৬

মঙ্গলবার সকাল সোয়া নয়টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর  উপজেলার লক্ষ্মীখোলা এলাকায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদকে লাঠি ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। উপজেলার আদাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে দুজন শিক্ষক নিয়োগ নিয়ে বিরোধের জের ধরে ওই হামলা হতে পারে বলে ধারণা করছেন জেলা শিক্ষা কর্মকর্তা।

কুষ্টিয়া সরকারি কলেজের জরুরী বিভাগে চিকিৎসা নেওয়ার সময় ফারুক আহমেদ সাংবাদিকদের কাছে ঘটনার বর্ণনা দেন। তিনি বলেন, প্রতিদিনের মতো সকালে তিনি মোটরসাইকেলে করে দৌলতপুরে উপজেলা শিক্ষা কার্যালয়ে যাচ্ছিলেন। সোয়া নয়টার দিকে উপজেলার লক্ষ্মীখোলা স্থানে পৌঁছালে ওত পেতে থাকা দুজন যুবক (২২ থেকে ২৫ বছর) মোটরসাইকেলের গতি রোধ করে। তারা লাঠি ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে। একপর্যায়ে তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। হেলমেট থাকায় মাথায় আঘাত লাগেনি। পরে তাঁর চিৎকারে আশপাশের বাড়ির নারীরা চলে এলে যুবকেরা মাঠের মধ্য দিয়ে দৌড়ে পালিয়ে যায়।
হাসপাতালে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান সাংবাদিকদের বলেন, সম্প্রতি দৌলতপুরের আদাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে দুজন শিক্ষক নিয়োগ নিয়ে ওই বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের সঙ্গে বিরোধ দেখা দেয়। এ নিয়ে ফারুক আহমেদকে গত শনিবার কক্সবাজারে বদলি করার হুমকি দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, ওই ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটতে পারে।
জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সাদিয়া আফরোজ বলেন, ফারুক আহমেদের ডান হাত, পা ও ডান দিকের কাঁধে জখম দেখা গেছে। ডান হাতের তালুর উপরিভাগে হাড় ভেঙে গেছে। হাসপাতালে ভর্তি হতে বলা হয়েছিল। কিন্তু তিনি চিকিৎসা-ব্যবস্থাপত্র নিয়ে বাড়ি চলে গেছেন।