হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী আজ। রাজধানী ঢাকাসহ সারা দেশে গতকাল মঙ্গলবার শারদীয় দুর্গোৎসবের ষষ্ঠীপূজা অনুষ্ঠিত হয়েছে।
আজ মহাসপ্তমীতে সকালে দেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভ ও বিহিত পূজা হবে। মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী মন্দির মেলাঙ্গনে সকাল আটটা ৫৮ মিনিটে পূজা শুরু হবে। কমিটি দুস্থ ব্যক্তিদের মধ্যে কাপড় বিতরণ এবং সন্ধ্যায় আরতি প্রতিযোগিতার আয়োজন করবে। রাজধানীতে প্রধান প্রধান মণ্ডপগুলো স্থাপিত হয়েছে রামকৃষ্ণ মঠ ও মিশনের উদ্যোগে মন্দির প্রাঙ্গণে, গুলশান-বনানী এলাকার বাসিন্দাদের উদ্যোগে বনানী মাঠে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল প্রাঙ্গণে, ভোলানন্দ গিরি আশ্রমে, তাঁতীবাজার, শাঁখারীবাজার, নর্থব্রুক হল, সূত্রাপুরের গৌতম মন্দির, মালাকারটোলা, সিদ্ধেশ্বরী কালীমন্দির, রাজারবাগ বরদেশ্বরী কালীমন্দির, কলাবাগান মাঠ প্রভৃতি স্থানে।
এ বছর সারা দেশে ২৮ হাজার ৪৫৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে রাজধানীতেই পূজা হবে ২১৮টি মণ্ডপে। এবার দেবীর আগমন ঘটেছে নৌকায়, গমন হবে দোলায়। ৩ অক্টোবর শুক্রবার একই দিনে মহানবমী ও বিজয়া দশমী উদ্যাপিত হবে। তবে বেশির ভাগ মণ্ডপ থেকে প্রতিমা বিসর্জন হবে পরদিন শনিবার সকালে।
