মেয়রের আসার কথা শুনে...

আপডেট : ০৩ অক্টোবর ২০১৪, ০২:১০

সিলেট নগরের সুবিদবাজার এলাকার ১০ তলা একটি ভবনের একাংশ নকশবহির্ভূতভাবে নির্মাণ করা হয়েছে। ভবনটির মালিক স্থানীয় বাসিন্দা ফরিদ আহমদ। সিটি করপোরেশন থেকে ভবন মালিককে বর্ধিত অংশ ভাঙার জন্য প্রায় এক মাস আগে নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু বর্ধিত অংশ ভাঙা নিয়ে টালবাহানা করেন মালিক। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সিটি করপোরেশনের নির্বাহী হাকিমসহ একদল প্রকৌশলীকে নিয়ে মেয়র আরিফুল হক চৌধুরী রওনা করেন সুবিদবাজারের ওই ভবনে। মেয়র আসছেন শুনেই ভবন মালিক তড়িঘড়ি করে অবৈধ অংশ ভাঙা শুরু করেন। মেয়র ঘটনাস্থলে গিয়ে বর্ধিত অংশ ভাঙা পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, ‘আমি ক্ষুব্ধ হয়ে এসেছিলাম। এসে দেখি ভবন মালিক নিজ থেকেই ভাঙা শুরু করেছেন। এতে আমি খুশি।’