গাইবান্ধায় শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং কমপক্ষে ২০ আহত হয়েছেন। এরমধ্যে দুপুরে পলাশবাড়ী উপজেলার মাঠেরহাট এলাকায় যাত্রীবাহী একটি বাস উল্টে খাদে পড়ে গেলে অজ্ঞাত এক যুবক নিহত ও ২০ জন আহত হয়। অপরদিকে গোবিন্দগঞ্জ উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় নান্নু মন্ডল (৫০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। নান্নু মন্ডল গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুর গ্রামের আব্বাস মন্ডলের ছেলে।
পলাশবাড়ী থানার ওসি গোপাল চন্দ্র চক্রবর্তী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী কোচ গাইবান্ধা আসার পথে পলাশবাড়ী উপজেলার মাঠেরহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় বাস চাপা পড়ে অজ্ঞাত পরিচয় এক বাসযাত্রী (২৫) মারা যান। এঘটনায় কমপক্ষে আহত ২০ জন বাস যাত্রীকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন এক যাত্রীর অবস্থা আশংকাজনক বলে জানান ওসি।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কোচটি আটক করা হয়েছে।
অন্যদিকে গোবিন্দগঞ্জ থানার ওসি জাহিদুল ইসলাম জানান, রংপুর-ঢাকা মহাসড়কে গাইবান্ধার গোবিন্দগঞ্জের কোমরপুর চৌমাথা এলাকায় বগুড়াগামী একটি মাইক্রোবাস বাইসাইকেল আরোহী নান্নু মন্ডলকে (৫০) পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাইসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
